৩ দিন পর হাতিয়ার ফেরি সচল, ঘাটে ট্রাকের জট
“রোববার সকালে আবহাওয়া অনুকূলে থাকলে ফেরি চলবে। তবে, এ বিষয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।”
বিরূপ আবহাওয়ার কারণে তিন দিন বন্ধ থাকার পর নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি সার্ভিস সচল হয়েছে।
হাতিয়া উপকূলীয় নৌবন্দরের সহকারী কর্মকর্তা মাসুম বিল্লাহ বলেন, শনিবার সকালে ‘মহানন্দা’ ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। দুপুরে সেটি নলচিরা থেকে চেয়ারম্যান ঘাটে আসে। পরে রাতে আবার নলচিরা থেকে চেয়ারম্যান ঘাটে যায়।
আবহাওয়া অধিদপ্তর থেকে নৌবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকায় বুধবার থেকে এ পথে ফেরি চলাচল বন্ধ ছিল।
এতে চেয়ারম্যান ঘাটে ওষুধ, শিশুখাদ্য, কুরিয়ার সার্ভিসের গাড়িসহ পণ্যবাহী কাভার্ড ভ্যান, ট্রাক, পিকআপ আটকা পড়ে। ফলমূলসহ বিভিন্ন পচনশীল পণ্য নিয়ে বিপাকে পড়েন ব্যবসায়ীরা।
ট্রাক চালক বেলাল হোসেন বলেন, “টানা তিন দিন ফেরি বন্ধ থাকায় ঘাটে শতাধিক গাড়ি আটকা পড়ে। দীর্ঘ সময় অপেক্ষায় থাকায় নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে জরুরি খাদ্যদ্রব্য ও পচনশীল মালামাল।”
ট্রাক চালক রবিউল বলেন, “ফেরিতে ১৪-১৫টি ট্রাক হাতিয়ার যেতে পারলেও আমরা ঘাটে অপেক্ষায় আছি।”
চেয়ারম্যান ঘাটের মাছের আড়ৎদার আকবর হোসেন বলেন, “তিন দিন ফেরি বন্ধ থাকার কারণে চেয়ারম্যান ঘাটে তীব্র যানজট সৃষ্টি হয়ে আছে। এতে মাছ ঘাটের স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন।”
হাতিয়া উপকূলীয় নৌবন্দরের সহকারী কর্মকর্তা মাসুম বিল্লাহ বলেন, “রোববার সকালে আবহাওয়া অনুকূলে থাকলে ফেরি চলবে। তবে, এ বিষয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। আবহাওয়া পরিস্থিতির আলোকে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
