বাগেরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
ঢাকা থেকে খুলনাগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।
বাগেরহাটের ফকিরহাটে বাসের সঙ্গে সংঘর্ষের পর এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক আরোহী।
সোমবার দুপুরে উপজেলার পাগলা শ্যামনগরের বনফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খুলনা-মাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান চাঁনু জানান।
নিহত আশরাফুল ঘরামী (৪৫) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় আহত ব্যক্তির নাম রনি। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি নুরুজ্জামান বলেন, “ঢাকা থেকে খুলনাগামী একটি বাসের সঙ্গে সাতক্ষীরা থেকে গোপালগঞ্জগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহীর মধ্যে আশরাফুল ঘটনাস্থলেই মারা যান।”
দুর্ঘটনার পর বাসসহ চালক পালিয়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
