শেরপুরে ছোট ও মাঝারি পশুর চাহিদা বেশি
হাটের ইজারাদার বলছেন, মঙ্গল ও বুধবার হাটে বেচাকেনা আরও বাড়বে বলে তারা আশা করছেন।
শেষ মুহূর্তে জমে উঠেছে শেরপুরের কোরবানি পশুর হাট। তবে হাটে আসা ক্রেতাদের কাছে ছোট ও মাঝারি আকারের পশুর চাহিদা বেশি।
সোমবার শেরপুর পৌরসভার নওহাটা কোরবানির গরু হাটে বিপুল সংখ্যক কোরবানির পশু আনেন খামারিরা। হাট ছিল ক্রেতা-বিক্রেতায় ঠাসা।
হাট ছাড়িয়ে শেরপুর-নালিতাবাড়ী এবং শেরপুর-ঝিনাইগাতী আঞ্চলিক মহাসড়কের দুপাশেও খামারিরা পশু নিয়ে বসেছেন।
হাটের ইজারাদার বলছেন, মঙ্গল ও বুধবার হাটে বেচাকেনা আরও বাড়বে বলে তারা আশা করছেন।
তবে পশুর দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
ক্রেতারা বলছেন, এবার পশুর দাম তুলনামূলক বেশি। অপরদিকে বিক্রেতারা বলছেন, এবার গোখাদ্যের দাম বেড়েছে।
জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা মোহাম্মদ রেজওয়ানুল হক ভূঁইয়া বলেন, জেলায় কোরবানি যোগ্য পশুর সংখ্যা ৯১ হাজার ৭৩৮। এর মধ্যে এখানে চাহিদা আছে সাড়ে ৬৩ হাজার পশুর।
তিনি জানান, জেলার ২০টি অনুমোদিত হাটে ১৮টি পশু চিকিৎসক দল কাজ করছে।
এদিকে কোরবানির পশুর হাটে কেনাবেচা নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে করা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা বলেন, তিনি নিজে পুলিশের সদস্যদের নিয়ে পশুর হাটের নিরাপত্তার বিষয়টি তদারকি করছেন।
এ ছাড়া কোরবানির হাটে জাল টাকা চিহ্নিত করার জন্য বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
