ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নেচে ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার
বহিষ্কৃত বিএনপি নেতা বলেন, আনন্দ করা যদি দলীয় শৃঙ্খলাবিরোধী হয়ে থাকে, তাহলে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আমার কিছু বলার নেই।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় জাপানের বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলের জয় উদযাপন করতে নারীদের ‘থ্রি-পিস’ পোশাক পরে নাচেন এক বিএনপি নেতা।
সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
রোববার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ রোববার থেকেই কার্যকর হয়েছে।
বহিষ্কৃত খন্দকার আমিনুল ইসলাম মিন্টু মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তাকে দলীয় পদের পাশাপাশি প্রাথমিক সদস্যপদ থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
খন্দকার আমিনুল ইসলাম মিন্টু বলেন, “ব্রাজিলের জয় উদযাপন করেছি। আনন্দ করা যদি দলীয় শৃঙ্খলাবিরোধী হয়ে থাকে, তাহলে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আমার কিছু বলার নেই।”
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বলেন, দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
