বগুড়ায় হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল স্থানীয়রা
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাজুর বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগসহ ১২টি মামলা রয়েছে।
বগুড়ার শিবগঞ্জে গ্রেপ্তারের পর হাতকড়াসহ আওয়ামী লীগের নেতা ও একাধিক মামলার আসামি রেজ্জাকুল ইসলাম রাজুকে স্থানীয়রা ছিনিয়ে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার চক ভোলাখাঁ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান।
রেজ্জাকুল ইসলাম রাজু শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগসহ ১২টি মামলা রয়েছে।
ওসি শাহিনুজ্জামান বলেন, গত বছরের ৫ অগাস্টের পর থেকে রেজ্জাকুল ইসলাম রাজু পলাতক ছিলেন। গোপন সংবাদে খবর পেয়ে শনিবার রাতে থানার এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ রাজুকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এ সময় হাতকড়া পরিয়ে তাকে থানায় নিয়ে আসার চেষ্টা করলে বাধা দেয় স্থানীয় নারী-পুরুষরা। এক পর্যায়ে তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে হাতকড়াসহ রাজুকে ছিনিয়ে নেয় এবং তাকে পালিয়ে যেতে সহায়তা করে।
ওসি আরও বলেন, পলাতক রাজুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
