বরিশালে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারালেন ৪৪ জন।
রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে জানান বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল।
জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৮৮ জন চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন বলে জানান তিনি।
মারা যাওয়া দুইজন হলেন- বাকেরগঞ্জ উপজেলার রুনশি গ্রামের আইয়ুব আলী (৭৫) এবং বরগুনার পাথরঘাটা উপজেলার শাহজালাল (৪৫)।
এ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ৩৪ জন। এ ছাড়া পিরোজপুরে তিনজন, বরগুনায় তিনজন, ভোলায় দুইজন, পটুয়াখালীতে দুইজনের মৃত্যু হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ছয় হাজার ৩৮৫ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয় হাজার আটজন; বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩৩৩ জন রোগী।
