২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ‘যৌতুকের খাসি’ না দেওয়ায় গৃহবধূ নির্যাতনের অভিযোগ

পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2026, 09:30 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় কোরবানির ঈদে খাসি না দেওয়াকে কেন্দ্র করে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ ওঠেছে।

মঙ্গলবার সকালে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সুজন গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান রামগতি থানার ওসি লিটন দেওয়ান।

নির্যাতনের শিকার সুমি আক্তার (২৫) কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের বাসিন্দা।

সুমির পরিবারের অভিযোগ, দুই বছর আগে আব্দুর রহিমের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় থেকেই যৌতুক ও কোরবানির জন্য একটি খাসি দাবি করা হচ্ছিল। এবার ঈদ উপলক্ষে খাসি চাওয়া হয়। তা দিতে না পারায় সুমির ওপর নির্যাতন করা হয়।

পরিবারের ভাষ্য, ঘটনার সময় সুমি রান্না করছিলেন। এ সময় তাকে ধাক্কা দিলে তিনি জ্বলন্ত চুলার ওপর পড়ে যান। এতে তার মুখ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সুমি আক্তার বলেন, “আমার স্বামী ও শ্বশুর কোরবানির জন্য খাসি দাবি করেন। আমার বাবা গরিব মানুষ, দিতে পারবেন না বলায় আমার শ্বশুর আমাকে জ্বলন্ত চুলায় ধাক্কা দিয়ে ফেলে দেন।”

তবে সুমির স্বামী আব্দুর রহিম এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “খাসির কোনো বিষয় ছিল না। বিয়ের সময় স্বর্ণের চেইন দেওয়ার কথা ছিল, কিন্তু তা দেওয়া হয়নি। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সুমি তার বাবাকে গালাগাল করেন। এতে ক্ষিপ্ত হয়ে তার বাবা সুমিকে ধাক্কা দিলে তিনি চুলার আগুনে পড়ে মুখে ছ্যাকা পান।”

খাসির বিষয়টি বানোয়াট বলেও দাবি করেন তিনি।

পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।