Published : 04 May 2026, 12:17 PM
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ছয় মাদক কারবারিকে আটকের খবর জানিয়েছে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ.নুরুল হাকিম জানান, রোববার রাত ১২টার দিকে চরএলাহী ইউনিয়নের বাদামতলি বাজার সংলগ্ন এলাকায় মাদক কারবারি আলমগীরের বাড়ি এবং আরেকটি পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে আব্দুস শহীদ স্বপন (৫০), একই ওয়ার্ডের আবু তাহেরের ছেলে ওসমান গনি ওরফে সেলিম (৪৫), চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলমগীর হোসেন ওরফে সানা উল্লাহ (৪৫) ও বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের মনপুরা গ্রামের তাজুল ইসলামের ছেলে মো. আজাদ হোসেন স্বপন (৪০)।

তবে তাৎক্ষণিকভাবে বাকিদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ বলছে, আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের মধ্যে স্বপন চরবালুয়ার ‘শাহীন বাহিনী’র সক্রিয় সদস্য।
স্বপনের বিরুদ্ধে এলাকায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগ রয়েছে। এছাড়া চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতা হত্যা মামলার ৮ নম্বর আসামি তিনি।
ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, “গোপন সংবাদে বাদামতলি বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি দেশীয় তৈরি এলজি, ১৬৭ টি ইয়াবা ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
“এছাড়া পৃথক আরেকটি অভিযানে আরও ২০টি ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।”
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।