২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে স্ত্রীর লাশ হাসপাতালে রেখে যুবক উধাও

নিহতের গলায় ফাঁস দেওয়ার মত দাগ ও আঘাতের চিহ্ন রয়েছে, বলেন হাসপাতালের চিকিৎসক।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2024, 06:41 PM

Updated : 26 Aug 2026, 10:56 AM

শেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে স্ত্রীর লাশ ফেলে রেখে উধাও হয়েছেন যুবক।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, শুক্রবার বিকালে ওই হাসপাতালে স্ত্রী শান্তার (২৫) লাশ ফেলে রেখে পালিয়ে যান নওশাদ আলম ওরফে মুরাদ।

নিহত শান্তা নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার জুয়েল মিয়ার মেয়ে। পাঁচ মাস আগে শান্তার সঙ্গে শেরপুরে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত নওশাদ আলমের বিয়ে হয়।

তারা শেরপুর শহরের গরুহাটি মহল্লায় ভাড়া বাসায় থাকতেন। 

হাসপাতালের স্টাফদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার বিকালে ওই গৃহবধূকে একটি রিকশায় করে ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন তার স্বামী। 

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে গৃহবধূকে মৃত পান। 

তখন মুরাদ স্ত্রীর লাশ ফেলে রেখে কৌশলে পালিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ যায়।

হাসপাতালের আরএমও হুমায়ুন আহমেদ নুর বলেন, “নিহত গৃহবধূর গলায় ফাঁস দেওয়ার মত দাগ ও আঘাতের চিহ্ন রয়েছে।”

নিহতের বাবা জুয়েল মিয়া নওশাদ আলম ওরফে মুরাদকে একমাত্র আসামি করে থানায় হত্যা মামলা করেছেন বলে জানায় পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই তারেক হাসান বলেন, “পুলিশ গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।” 

শেরপুর সদর থানার ওসি মো. জুবায়দুল আলম বলেন, “আসামি পলাতক, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।”