বরিশালে পুলিশ বক্স-খাবারবাহী পিকআপ ভাঙচুর, কনস্টেবল আহত
বিএম কলেজের এক শিক্ষার্থী বলেন, “একটি মহল তাদের মধ্যে ঢুকে পড়েছে। তারা সাধারণ শিক্ষার্থীদের বিপদে ফেলতে এ ঘটনা ঘটিয়েছে।”
বরিশালে আর্মড ব্যাটালিয়ন পুলিশ সদস্যদের খাবারবাহী পিকআপ ও ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের এক কনস্টেবল আহত হন।
শনিবার দুপুরে নগরের হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত কনস্টেবল সিফাত হাসানাত।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে নগরের নথুল্লবাদ বাস টার্মিনালের সামনে থেকে শিক্ষার্থীরা সিঅ্যান্ডবি রোড হয়ে সদর রোডের উদ্দেশে রওনা হন। হাতেম আলী কলেজ চৌমাথা থেকে সদর রোডে যাওয়ার সময় পুলিশের খাবারবাহী পিকআপ চলে আসে। শিক্ষার্থীদের বাধা উপেক্ষা করে যাওয়ার চেষ্টা করে পিকআপটি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, তখন শিক্ষার্থীরা ক্ষুব্ধ হলে চালক এএসআই ইয়াহিয়া পিকআপ রেখে পালিয়ে যান। শিক্ষার্থীরা পিকআপে থাকায় পুলিশের তিন সদস্যর ওপর হামলা চালায়। তবে অন্য শিক্ষার্থীসহ স্থানীয়রা তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে মারকাজ মসজিদে নেন। শিক্ষার্থীরা চলে যাওয়ার পর তিন সদস্যকে উদ্ধার করা হয়।
এ সময় আরেক দল শিক্ষার্থী চৌমাথা বাজারের বিপরীতে বীর মুক্তিযোদ্ধা সুলতান মৃর্ধা পুলিশ বক্সে ভাঙচুর চালায়। তারা পুলিশের বক্স তচনছ করে।
পিকআপে ৬০ জনের খাবার ছিল জানিয়ে এপিবিএনের এসআই নেয়ামত বলেন, “আমরা বিমান বন্দর থেকে ফোর্সের খাবার নিয়ে আসছি। ছাত্ররা আন্দোলন করে ডান পাশ দিয়ে যাচ্ছিল। আমাদের গাড়ি দেখে কিছু ছাত্র হৈ-হুল্লোর শুরু করে। তখন পিকআপের চালক সাইড করে দৌড় দেন। তখন আমরা আটকা পড়ে যাই। স্থানীয়রা তাদের উদ্ধার করে মসজিদে আশ্রয় দিয়েছে। আমাদের মধ্যে কনস্টেবল সিফাত একটু আহত হয়েছেন।”
বিএম কলেজের শিক্ষার্থী সুমন পিকআপ ও পুলিশ বক্সে ভাঙচুরে সাধারণ শিক্ষার্থীরা জড়িত নন দাবি করে বলেন, “একটি মহল তাদের মধ্যে ঢুকে পড়েছে। তারা সাধারণ শিক্ষার্থীদের বিপদে ফেলতে এ ঘটনা ঘটিয়েছে।”
কোতোয়ালি মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ বক্স ও পিকআপ ভাঙচুরের ঘটনায় মামলা হবে।
