২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সড়কে প্রাণ গেল ৩ বাইক আরোহীর

এ ঘটনায় আহত একজনের অবস্থা গুরুতর বলে জানায় ফায়ার সার্ভিস।

রাজশাহী অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2025, 09:42 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

রাজশাহীর মোহনপুরে সড়কে গাড়ির ধাক্কায় তিন বাইক আরোহী নিহত হয়েছেন। 

বুধবার সন্ধ্যায় উপজেলার কেশরহাট পৌরসভার কালিতলা এলাকার রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ ঘটনায় আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার বনকুড়া গ্রামে আজিম উদ্দিনের ছেলে কাউসার (১৯), চকবালু গ্রামের সেকেন্দার আলীর ছেলে কাউসার রহমান (১৮) ও একই গ্রামের আসাব আলীর ছেলে পলাশ (১৫)। আহতের নাম সন্তু (৩০)। তিনি বাথইল গ্রামের নিরেনের ছেলে। 

স্থানীয়দের বরাতে মোহনপুর ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার নিতাই চন্দ্র বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুই বাইকে চার আরোহী বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় কালিতলা এলাকায় বাইক দুটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় অন্য একটি গাড়ি। এতে রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলে বাইকের তিনজন মারা যান।   

তিনি বলেন, আহত একজনকে উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। তার অবস্থাও গুরুতর। 

মোহনপুর থানার এসআই হৃদয় কুমার পোদ্দার বলেন, লাশগুলো উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।