ময়মনসিংহে পথহারা নারীকে বার বার ধর্ষণের অভিযোগ, সন্তানকেও আঘাত
ওই নারীকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে বলে নান্দাইল থানার ওসি আজহারুল ইসলাম জানান।
ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে এক নারীকে উদ্ধার করেছে পুলিশ; তাকে দলবেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ সময় ওই নারীর শিশুসন্তানকেও আঘাত করা হয়।
শনিবার দুপুরে উপজেলার একটি গ্রাম থেকে ওই নারীকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে বলে নান্দাইল থানার ওসি আজহারুল ইসলাম জানান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, পাঁচ দিন আগে নান্দাইল-তাড়াইল সড়কের শিমুলতলী এলাকায় একটি বিলের পাশে ওই নারীকে চারজন ধর্ষণ করে। এ সময় তার শিশুসন্তানের বাম চোখের নিচে আঘাত করা হয়। পরে তাকে একটি বাড়িতে নিয়ে আরও দুই ব্যক্তি ধর্ষণ করে।
এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত ওই নারী বলেছেন, রোববার বিকালে তিনি ময়মনসিংহ শহরের বাবার বাড়ি থেকে ভালুকায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথ হারিয়ে ফেললে তিনি ওই লোকদের সহায়তা চান। পরে দুই দফায় ছয়জন তাকে দলবেঁধে ধর্ষণ করে। গভীর রাতে তাকে ছেড়ে দেয়।
ওই নারীকে আশ্রয় দেওয়া স্থানীয় একজন ইজিবাইক চালক বলছিলেন, তিনি গাড়ি চালাচ্ছিলেন। গভীর রাতে শিশু কোলে ওই নারীকে রাস্তার পাশে কাঁদতে দেখেন। কাছে গিয়ে জানতে চাইলে ওই নারী তাকে বলেন, কয়েকজন তাকে ধর্ষণ করেছেন।
তখন ইজিবাইক চালক তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। সেখানে প্রতিবেশী এক নারী তাকে সেবা করেন এবং বাড়িতে থাকতে দেন। এর মধ্যে এলাকায় বিষয়টি জানাজানি হয়। তখন লোকজন বাড়িতে এসে নানা ধরনের হুমকি-ধমকি দেওয়া শুরু করেন। এতে তারা ভীত-সন্ত্রস্ত্র হয়ে পড়েন এবং বিপদে পড়ার আশঙ্কায় পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে ওই নারীকে থানায় নিয়ে যায়।
নান্দাইল থানার ওসি আজহারুল ইসলাম বলেন, “ওই নারী তার পরিচয় সঠিকভাবে বলতে পারছেন না। পিবিআই তার পরিচয় শনাক্তে কাজ করছে। তবে, ওই নারীর বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে, তিনি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন।”
ফরেনসিক পরীক্ষার জন্য রোববার ওই নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
