২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে দাঁড়াতে হবে: নাহিদ ইসলাম

হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2025, 08:47 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, “আমরা চাই, বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এই দেশে সংগঠিত হবে না। একইভাবে চাঁদাবাজির বিরুদ্ধেও আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে।”

বৃহস্পতিবার বিকাল ৬টায় হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। উপস্থিত ছিলেন- জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

নাহিদ ইসলাম বলেন, “আমরা মুজিববাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই-সংগ্রাম শুরু করেছি তা এখনও শেষ হয়নি। আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম তা এখনও পাইনি। তাই আমাদের এই লড়াই চলমান থাকবে। আমাদেরকে জনগণের জন্য তাদের পাশে দাঁড়াতে হবে।”

তিনি আরও বলেন, “হবিগঞ্জের স্বাস্থ্যখাত সম্পর্কে আমরা জানি। সামান্য কিছু হলেই এই জেলার মানুষকে ঢাকা কিংবা সিলেটে দৌড়াতে হয়। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সমঅধিকার থাকবে।”

এ সময় তিনি সীমান্ত হত্যা ও ‘পুশইন’ এর তীব্র নিন্দা জানান। 

বিকাল সাড়ে ৩টার দিকে গাড়িবহর নিয়ে হবিগঞ্জ শহরের সার্কিট হাউজে অবস্থান নেন এনসিপির নেতারা। সেখানে তারা জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে সার্কিট হাউজ থেকে বিকাল সাড়ে ৫টায় পদযাত্রা শুরু করে এনসিপি। পদযাত্রা গিয়ে শেষ হয় সাইফুর রহমান টাউন হলে।