চাঁদপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, পরিবারের তিনজন দগ্ধ
তিনজনই রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
চাঁদপুরের কচুয়া উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
বুধবার ভোর রাত আনুমানিক ৪টার দিকে হোসেনপুর গ্রামের বোয়াল বাড়িতে এই দুর্ঘটনা ঘটে বলে কচুয়া দক্ষিণ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. নাছির হোসেন জানান।
আহতরা হলেন- খাদিজা আক্তার (৩০), তার স্বামী মো. মাহমুদুল (৩৬) এবং খাদিজার জা শিউলি আক্তার (৪০)।
তিনজনই রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
মাহমুদুলের ছোট ভাই হাসান বলেন, ভোর ৪টার দিকে খাদিজা আক্তার সেহরি করার জন্য রান্না ঘরে যান। সেখানে আগে থেকে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়েছিল। চুলায় আগুন দিতে গেলে বিস্ফোরণ ঘটে। খাদিজাকে উদ্ধার করতে গিয়ে মাহমুদুল ও শিউলির শরীরে আগুন লেগে যায়।
তিনি বলেন, বাড়ি থেকে তাদেরকে উদ্ধার করে ৫টার দিকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্স করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক শাওন বিন রহমান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর থেকে তিনজনকে দগ্ধ অবস্থায় আনা হয়েছে। তার মধ্যে খাদিজা আক্তারের ৩৫ শতাংশ, মাহমুদুলের চার শতাংশ এবং শিউলি আক্তারের দুই শতাংশ পুড়ে গেছে।
“তাদের মধ্যে খাদিজাকে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
