Published : 19 Jul 2026, 05:14 PM
রংপুরের গঙ্গাচড়া উপজেলা থেকে দুই হাজার ৪০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার রাত ১১টা ২০ মিনিটে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের তালুকহাবু এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান রংপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. সোহেল রানা।
গ্রেপ্তাররা হলেন- লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর এলাকার মো. সুমন মিয়া (২৮) এবং লালমনিরহাট সদর উপজেলার দেউতিরহাট পঞ্চগ্রাম এলাকার মোছা. লুনা আক্তার সুমি (২৫)।
রোববার জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপারের (ক্রাইম অ্যান্ড অপস) তত্ত্বাবধানে ওসি সোহেল রানার নেতৃত্বে একটি দল অভিযান চালায়।
অভিযানে কাকিনা-রংপুর সড়কে নিশাত বেনারসি দোকানের সামনে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কৌশলে রাখা দুই হাজার ৪০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজারমূল্য চার লাখ ৮০ হাজার টাকা।
পুলিশ জানায়, ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলের দুই আরোহী পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে জব্দ করা আলামতসহ তাদের গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় পুলিশ।