৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে ছোট ভাইকে কুপিয়ে হত্যা, পলাতক বড় ভাই

পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে দুই ভাইয়ের মধ্যে কয়েকদিন ধরে ঝগড়া-বিবাদ চলছিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2026, 01:54 PM

Updated : 26 Aug 2026, 03:37 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করে বড় ভাই পালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানান, শুক্রবার সকাল ৬টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ চট্টলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ৩২ বছর বয়সী মো. মোহন ফতুল্লার ওই এলাকার বাবুল মিয়ার ছেলে।

এ ঘটনায় অভিযোগের মুখে থাকা তার বড় ভাই ৩৪ বছর বয়সী উজ্জ্বল ‘মাদকাসক্ত’ বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে দুই ভাইয়ের মধ্যে কয়েকদিন ধরে ঝগড়া-বিবাদ চলছিল। শুক্রবার সকালে ঝগড়ার এক পর্যায়ে বড়ভাই উজ্জ্বল ছোটভাই মোহনকে ধারালো বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

ওসি মাহবুব বলেন, “পরিবারের সদস্যরা মোহনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থল থেকে রক্তমাখা বটি উদ্ধার করে পুলিশ।” 

ঘটনার পর থেকেই উজ্জ্বল পলাতক রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, পারিবারিক কলহের জেরে এ খুনের ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।