১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

পথে আটকা পড়েছিল ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস, উত্তরাঞ্চলগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2026, 10:34 AM

Updated : 26 Aug 2026, 03:08 PM

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা এবং উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। 

বুধবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার লাহিড়ীমোহনপুর রেলওয়ে স্টেশনের দহকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আতিকুর রহমান। 

তিনি বলেন, যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা এসডিআইকে-২ নম্বর মালবাহী ট্রেনটি খুলনা যাচ্ছিল। ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে পিছনের গার্ড ব্রেকভ্যানের বগির দুইটি চাকা হঠাৎ লাইনচ্যুত হয়। 

এতে পাবনার ঈশ্বরদি ও ঢাকা রেলপথে চলাচল করা উত্তর ও দক্ষিণাঞ্চলগামী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পথে আটকা পড়ে তিনটি ট্রেন। 

সহকারী স্টেশন মাস্টার আরও বলেন, খবর পেয়ে রাতেই ঈশ্বরদি থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পাঁচ ঘণ্টা পর বগিটি উদ্ধার হলে রাত ২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হতে থাকে। 

এ কারণে ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস প্রায় তিন ঘণ্টা, উত্তরাঞ্চলগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস প্রায় দেড় ঘণ্টা করে বিলম্বে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলেও জানান এই রেল কর্মকর্তা।