২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে তিন শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

“মুক্তিযোদ্ধারাই হচ্ছেন আমাদের আসল নায়ক। পৃথিবীর বুকে এ বাংলাদেশের পরিচয় তারাই এনে দিয়েছেন।”

চাঁদপুরে তিন শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2025, 07:57 PM

Updated : 26 Aug 2026, 12:21 PM

চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

বুধবার দুপুরে চাঁদপুর ক্লাব মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের এই সংবর্ধনা দেওয়া হয়। 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান। আজকে আমাদের খুশির দিন। কারণ, ১৯৭১ সালের এই দিনে পরাধীনতা থেকে মুক্ত বা স্বাধীন হওয়ার জন্য ডাক দিয়েছি। মুক্তিযোদ্ধারাই হচ্ছেন আমাদের আসল নায়ক। পৃথিবীর বুকে এ বাংলাদেশের পরিচয় তারাই এনে দিয়েছেন। রাষ্ট্রের কাছে মুক্তিযোদ্ধারা সবচাইতে সম্মানিত ব্যক্তি।”

জেলা প্রশাসক বলেন, “বাংলাদেশের ইতিহাসে তিনটি দিবস আছে যার গুরুত্ব কখনও ম্লান হবে না। ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর ও ২১ ফেব্রুয়ারি। বাংলাদেশের শেষ দিন পর্যন্ত এ দিনগুলো অন্য কিছু দিয়ে ছাড়িয়ে যেতে পারবে না। এ দিনগুলোকে ছোট করে দেখার সুযোগ নেই এবং আমরা তা করছিও না।”

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত ও সাংবাদিক বি এম হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা এসপি মুহম্মদ আব্দুর রকিব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, শাহজাহান গাজী, সিরাজুল ইসলাম বরকন্দাজ, মুজিবুর রহমান ও কাজী হাশেম।

অনুষ্ঠানে ৩৫০ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে বিশেষ উপহার দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে তাদেরকে ফুলেল শুভেচ্ছাও জানানো হয়।