পাবনায় চাহিদার দ্বিগুণ কোরবানির পশু প্রস্তুত
চাহিদার অতিরিক্ত পশু রয়েছে প্রায় তিন লাখ ৩৫ হাজার।
পাবনায় প্রস্তুত করা হয়েছে ছয় লাখ ৪৮ হাজার কোরবানির উপযোগী গবাদিপশু। দিনরাত পরিশ্রম করে লাভের আশায় দেশীয় পদ্ধতিতে এসব পশু প্রস্তুত করেছেন খামারিরা।
জেলার চাহিদা মিটিয়ে প্রতি বছরই মোটাতাজা করা কোরবানির পশু রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাট-বাজারে বিক্রি করা হয়। অন্যান্য বছরের চেয়ে এ বছরে গো-খাদ্যের মূল্য বেশি হওয়ায় উৎপাদন ব্যয় বেড়েছে অনেকটাই।
তবে ব্যবসায়ীরা বলছেন, সড়ক-মহাসড়ক ও নৌপথে পশু পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজি, ডাকাতি ও হয়রানির আশঙ্কা রয়েই গেছে। এসব রোধ করা গেলে খামারিরা লাভবান হবেন বলে আশাবাদ তাদের।
পাবনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এস এম মুশারফ হোসেন বলেন, পাবনায় চাহিদা রয়েছে তিন লাখ ১২ হাজার পশুর। চাহিদার অতিরিক্ত পশু রয়েছে প্রায় তিন লাখ ৩৫ হাজার।
জেলার বিস্তৃীর্ণ মাঠ ও চরাঞ্চলে ঘাসের প্রাচুর্যের কারণে সেখানে প্রাকৃতিক উপায়ে গরু-ছাগল পালন করায় এই এলাকার পশুর চাহিদা অন্যান্য অঞ্চলে বেশি বলে মনে করছেন প্রাণিসম্পদ কর্মকর্তা।
প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর দেশে এক কোটি ২৪ লাখ কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ৫৬ লাখ মোটাতাজা গরু প্রস্তুত করা হয়েছে। গত বছর দেশে এক কোটি চার লাখ পশু কোরবানি হয়েছিল। এ বছর তেমনই আশা করা হচ্ছে।
এবার চাহিদার চেয়ে ২০ লক্ষাধিক বেশি কোরবানির পশু প্রস্তুত রাখা হয়েছে, ফলে সংকটের কোনো আশঙ্কা নেই বলে মনে করছে প্রাণিসম্পদ বিভাগ।
১৯৭৩ সালে সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান মিল্কভিটার একটি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারাখানা বাঘাবাড়িতে প্রতিষ্ঠিত হওয়ার পর এলাকায় গড়ে উঠে শত শত গরুর খামার। বিশেষ করে বেড়া, সাঁথিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়া, আটঘরিয়া, চাটমোহর, পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলেও খামার ও পারিবারিকভাবে গরু লালনপালন করা হয়ে থাকে।
এসব গো-খামারে প্রতি বছরই কোরবানির ঈদকে সামনে রেখে ব্যাপকভাবে ষাঁড় মোটাতাজাকরণ করা হয়। চলতি বছরেও প্রাণিসম্পদ বিভাগের দেওয়া প্রশিক্ষণ নিয়ে প্রাকৃতিক উপায়ে ধানের খর, সবুজ ঘাস, বিভিন্ন প্রকারের ভূষি, খৈল খাইয়ে ষাঁড় মোটাতাজা করেছেন খামারিরা।
তবে খাদ্য, ওষুধসহ সব উপকরণের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন খামারিরা। এ বছর পশু খাদ্যের দাম বেশি হওয়ায় গরু পালনের খরচ বেড়েছে। তারপরও ভালো দাম পাবার আশায় শ্রম ও অর্থ দুটোই ব্যয় করছেন খামারিরা। তারা বলছেন, গত বছরের তুলনায় এবার গো-খাদ্যের দাম বেড়েছে প্রতি বস্তায় তিন থেকে চারশ টাকা।
বেড়ার গরু ব্যবসায়ী আব্দুর রউফ মুন্সী বলেন, যমুনা নদী পথে পশু নিতে গেলে মাঝপথে জোর করে নৌকা থামিয়ে পশু নামাতে বলা হয়। এতে আর্থিক ক্ষতির শিকার হন অনেক ব্যবসায়ী।
সাঁথিয়ার গরু ব্যবসায়ী আবুল কালাম, খামারি জয়নাল, আনোয়ার ও রঞ্জু শেখ জানান, মহাসড়ক দিয়ে ট্রাকে করে ঢাকায় যেতে হয়, অনেক ক্ষেত্রে ডাকাতির মুখোমুখি হন তারা। এক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা খুবই প্রয়োজন।
এই প্রেক্ষাপটে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন বগুড়া অঞ্চলের হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ।
মহাসড়কে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তবু নগদ অর্থ বহনে বিরত থেকে ব্যাংকিং চ্যানেল ব্যবহারের পরামর্শ দেন তিনি।
