নওগাঁয় পুকুরে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু
ওসি বলেন, ধারণা করা হচ্ছে, খেলতে গিয়েই তারা পানিতে ডুবে মারা গেছে।
নওগাঁর ধামইরহাটে পুকুরের পানিতে ডুবে ৩ বছর বয়সী যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
রোববার দুপুর ১২টায় উপজেলার খেলনা ইউনিয়নের পশ্চিম চকভবানী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ধামইরহাট থানার ওসি মো. বাহাউদ্দিন ফারুকী।
রাম ও লক্ষণ নামের শিশু দুটি একই গ্রামের সুজিত ওরাওঁ এর সন্তান।
খেলনা ইউনিয়ন পরিষদের সদস্য আবু সালাম বলেন, সকালের খাবার খেয়ে দুই ভাই বাড়ির পাশে খেলতে থাকে। একপর্যায়ে সবার অগোচরে দুই ভাই বাড়ির সামনে পুকুরে ডুবে যায়।
“পরে তাদের খোঁজাখুঁজির এক পর্যায়ে দুজনের লাশ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। যমজ শিশূদের এমন মৃত্যুতে পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।”
ওসি মো. বাহাউদ্দিন ফারুকী বলেন, দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়েই তারা পানিতে ডুবে মারা গেছে।
