২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

আজকে অনেক ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে এক ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

আজকে অনেক ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে: মির্জা ফখরুল
ফাইল ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2025, 07:59 PM

Updated : 26 Aug 2026, 11:17 AM

বিএনপিকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, “আজকে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র বা চক্রান্তের কাছে আমরা মাথানত করব না।” 

শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আয়োজনে শহরের সাধারণ পাঠাগার চত্বরে এক ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, “যারা যুদ্ধ করেছিল জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে, তারা সত্যিকার অর্থে গণতান্ত্রিক একটা দেশ দেখতে চেয়েছিল। তারা বৈষম্যে বিশ্বাস করেনি, তারা বৈষম্যহীন একটা রাষ্ট্র চেয়েছিল। 

“আজকে সবখানে বৈষম্য সৃষ্টি হয়েছে, দুর্নীতি হয়েছে। সবখানে দুর্নীতিতে ভরে গেছে। সেই বৈষম্য ও দুর্নীতি দূর করে জনগণের একটা সরকার, পার্লামেন্ট করতে পারি; জনগণ যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে পারি। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।” 

এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “আজকে নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। ১৫ বছর আমরা আন্দোলন করেছি শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে; এই ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল, পাশাপাশি দেশের রাজনীতি ও গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল; অসংখ্য ছাত্রকে হত্যা করেছিল।”

তিনি বলেন, “এই আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই তারা জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় এবং তারা দেশের সবকিছুকে ধ্বংস করে দেয়। আজকে আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে গেছে। আমাদের সামনে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।  

“আজকে আমাদের বিশেষ করে যেটা প্রয়োজন- সেটা হলো ঐক্য, জনগণের ঐক্য, তার সঙ্গে ছাত্রদের ঐক্য।”  

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েসের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর থানা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ।