২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাম্প থেকে বেরিয়ে বান্দরবানে এসে আটক ৬ রোহিঙ্গা

আটকরা কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে বের হয়ে বান্দরবানে রাজমিস্ত্রির কাজে যাচ্ছিলেন বলে ভাষ্য সেনাবাহিনীর।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2025, 10:20 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

বান্দরবান সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাস থেকে ছয় রোহিঙ্গাকে আটক করা হয়েছে; যারা কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে এসেছেন বলে ভাষ্য পুলিশের।

শনিবার সন্ধ্যায় উপজেলার রেইছা চেক পোস্টে বাসে তল্লাশির সময় সেনা সদস্যরা তাদের আটক করেন বলে জানান বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ।

আটকরা হলেন- রহিমুল্লাহ (২৪), হাসিমোল্লা (৩৯), হানিফ (২৫), ইমাম হোমেন (২৭), সৈয়দ আলম (৩২) এবং মো. সাগর (২১)। তারা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

বান্দরবান সেনা রিজিয়ন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুপুরে বান্দরবানগামী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। এ সময় সন্দেহভাজন ছয়জন পুরুষ যাত্রীকে আটক করা হয়। পরে তাদের জাতীয় পরিচয়পত্র দেখতে চাইলে তারা নিজেদেরকে মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক বলে পরিচয় দেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে বান্দরবানে রাজমিস্ত্রির কাজের উদ্দেশে যাচ্ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পরে তাদের সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

পার্বত্য অঞ্চলে সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনী দায়িত্বশীল, সতর্ক ও দৃঢ় ভূমিকা পালন করে আসছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ওসি মাসুদ পারভেজ বলেন, ছয় রোহিঙ্গাকে সন্ধ্যার দিকে সেনা সদস্যরা থানায় হস্তান্তর করেছে। প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।