খাগড়াছড়ির চেঙ্গী নদী থেকে কিশোরের লাশ উদ্ধার
“তার পরনে শার্ট ও প্যান্ট ছিল।”
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় অজ্ঞাত পরিচয় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বোয়াট্টা পাড়ায় চেঙ্গী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে মহালছড়ি থানার ওসি রফিকুল ইসলাম জানান।
নিহতের বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেনি।
পুলিশ বলছে, চেঙ্গী নদীর একটি অংশে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান বলেন, “নিহতের চেহারা দেখে পরিচয় শনাক্ত করার মত অবস্থা নেই। তার পরনে শার্ট ও প্যান্ট ছিল।”
ওসি রফিকুল ইসলাম বলেন, “মরদেহের অবয়ব দেখে মনে হচ্ছে বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর হবে। আমরা লাশ থানায় নিয়ে এসেছি।”
মরদেহটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।
