২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার সঙ্গে ঘাস কাটতে গিয়ে নৌকা থেকে পড়ে শিশুর মৃত্যু

লালমনিরহাটে তিস্তার তীরে বেঁধে রাখা নৌকায় খেলা করার এক পর্যায়ে শিশুটি নদীতে পড়ে যায়।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2024, 09:41 PM

Updated : 26 Aug 2026, 10:24 AM

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীর তীরে বাবার সঙ্গে ঘাস কাটতে গিয়ে নৌকা থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার সিন্দুর্ণা ইউনিয়নের পাঠান বাড়ি এলাকায় নদীতে এ ঘটনা ঘটে বলে জানান সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ।

নিহত আলিফ হোসেন (৫) ওই এলাকার মিন্টু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, নৌকায় করে মিন্টু মিয়া তার ছেলেকে নিয়ে তিস্তার তীরে ঘাস কাটতে যান। মিন্টু মিয়া তিস্তার পাড়ে ঘাস কাটছিলেন আর আলিফ নদীর তীরে বেঁধে রাখা নৌকায় খেলা করছিল। বাবার অজান্তে আলিফ নৌকা থেকে নদীতে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

এক পর্যায়ে স্থানীয়রা আলিফকে নদীতে ভাসতে দেখে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্বজনদের কোনো অভিযোগ না থাকায় শিশুটিকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ।