মানিকগঞ্জে অক্সিজেনবাহী লরির সঙ্গে সংঘর্ষে পুড়ল যাত্রীবাহী বাস
দুর্ঘটনায় লরিতে থাকা তরল অক্সিজেন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
মানিকগঞ্জে তরল অক্সিজেনবাহী একটি লরির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে কেউ আহত না হলেও বাসটিতে আগুন ধরে পুড়ে যায়। এ সময় লরিতে থাকা তরল অক্সিজেন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
সোমবার দুপুরে সদর উপজেলার ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি ইকরাম হোসেন।
পুলিশ জানায়, সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওসি ইকরাম হোসেন বলেন, দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার যান চলাচল শুরু হয়।
