২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বল ভেবে হাতবোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত ২ শিশু

“বোমায় আহত দুই শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2024, 07:31 PM

Updated : 26 Aug 2026, 10:14 AM

রাজশাহী নগরীতে ময়লার স্তুপ থেকে কুড়িয়ে পাওয়া হাতবোমা বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে।

সোমবার দুপুরে বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ও হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস দুই শিশুর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।   

আহতরা হলো-টিকাপাড়া এলাকার আলমগীর হোসেনের সাত বছর বয়সের ছেলে আব্দুল্লাহ ও শাহীন আলীর আট বছরের ছেলে সাবা। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই দুই শিশু টিকাপাড়া এলাকায় বাসার সামনে খেলা করছিল। এ সময় বল ভেবে হাতবোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরিত হয়ে তারা আহত হয়। পরে বিকট শব্দ শুনে এলাকার লোকজন সেখান যায়। তারা আহত অবস্থায় শিশু আব্দুল্লাহ ও সাবাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

খবর পেয়ে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ১০টি তাজা হাতবোমা উদ্ধার করে। এর মধ্যে আটটি হাতবোমা একটি কার্টনে এবং ময়লার স্তুপের ভেতরে আরও দুইটি পড়ে থাকতে দেখেন তারা। 

চিকিৎসক শঙ্কর কে বিশ্বাস বলেন, “বোমায় আহত দুই শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।”