ঈশ্বরদীতে ডিজেল সংকটে কৃষক, মন্ত্রীর নির্দেশেও কাজ হচ্ছে না
ফিলিং স্টেশনগুলোতে খোলা ক্যানে তেল বিক্রিতে নিষেধাজ্ঞা থাকায় ব্যাহত হচ্ছে চাষাবাদ ও সেচ কার্যক্রম।
ডিজেল নিয়ে চরম বিপাকে পড়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার শত শত কৃষক।
ফিলিং স্টেশনগুলোতে খোলা ক্যানে (ঢোপ) তেল বিক্রিতে নিষেধাজ্ঞা থাকায় ব্যাহত হচ্ছে চাষাবাদ ও সেচ কার্যক্রম। এই সংকট নিরসনে কৃষিমন্ত্রী নির্দেশ দিলেও মাঠপর্যায়ে এখনো মেলেনি সমাধান।
স্থানীয় কৃষকদের অভিযোগ, জমি চাষের পাওয়ার টিলার, সেচের শ্যালো মেশিন বা ফসল কাটার হারভেস্টর আকারে বড় ও ভারী হওয়ায় সেগুলো পাম্পে নিয়ে গিয়ে তেল ভরা অসম্ভব। দীর্ঘদিন ধরে ক্যানে করে তেল সংগ্রহ করলেও বর্তমানে পাম্প কর্তৃপক্ষ তা দিচ্ছে না। ফলে অচল হয়ে পড়ে আছে শত শত কৃষিযন্ত্র।
রোববার বিকালে প্রায় ৪০ কৃষক ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় জাতীয় পদকপ্রাপ্ত কৃষক মো. ময়েজ উদ্দিন (কুল ময়েজ) সরাসরি কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদকে ফোন করে বিষয়টি জানান। মন্ত্রী তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের নির্দেশ দিলেও সোমবার বিকাল পর্যন্ত কৃষকদের ভোগান্তি কমেনি।
ঈশ্বরদীর কৃষক আবু তালেব জোয়ার্দার বলেন, “জ্বালানি সংকট হওয়ায় আমাদের মত কৃষকদের চরম সমস্যার ভেতর দিয়ে পার করতে হচ্ছে।”
কৃষক ময়েজ উদ্দিন বলেন, “কৃষি অফিস থেকে দেওয়া ‘স্লিপ’ বা চিরকুট দেখালেও ফিলিং স্টেশনগুলো ডিজেল দিচ্ছে না।”
তিনি আক্ষেপ করে বলেন, “পুরো দেশ কৃষির ওপর নির্ভরশীল হলেও কৃষকদের কোনো সুনির্দিষ্ট পরিচয়পত্র নেই, যার কারণে আমাদের বারবার হয়রানি হতে হচ্ছে।”
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মমিন বলেন, “মন্ত্রীর নির্দেশনার পর পাম্প মালিকদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং তেল সরবরাহের জন্য বিশেষ প্যাড ছাপানোর কাজ চলছে।”
অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, “পাম্পে মোটরসাইকেল চালকদের সঙ্গে বাগবিতণ্ডা এড়াতে ক্যানে তেল দেওয়া সাময়িক বন্ধ ছিল। দ্রুতই কৃষকদের জন্য বিশেষ ব্যবস্থায় তেল সরবরাহের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা হবে।”
