২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রদের আলাদা সভা, চেয়ার ভাঙচুর

দুই পক্ষের সমর্থকররা দুটি স্থানে অবস্থান নেয়। এ সময় তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2024, 10:38 PM

Updated : 26 Aug 2026, 10:27 AM

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।  

বৃহস্পতিবার দুটি পক্ষ আলাদা স্থানে সভা করেছে। এর মধ্যে একপক্ষের সভায় চেয়ার ভাঙচুরের ঘটনাও ঘটেছে। 

শিক্ষার্থীরা জানান, ‘দেশ গঠনে শিক্ষার্থীদের অংশীদারত্ব নিশ্চিত, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-জনতার মৈত্রী সফর’ উপলক্ষে জেলায় মতবিনিময় সভা আহ্বান করা হয়। এ নিয়ে মতবিরোধ দেখা দিলে একপক্ষ সদর উপজেলা অডিটোরিয়ামে এবং অপরপক্ষ সাইফুর রহমান টাউন হলে সভা আহ্বান করে।

দুই পক্ষের সমর্থকররা দুটি স্থানে অবস্থান নেয়। এ সময় তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

পরে সমন্বয়ক হাসিবুল ইসলাম, আসদুল আল গালিব, সিলেট বিভাগীয় সমন্বয়ক আশরাফুল আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আজাদ শিকদার ও বৃন্দাবন সরকারি কলেজের সমন্বয়ক পৌরসভা মাঠে সভা করার প্রস্তাব দেন। কিন্তু তাতে সায় দেয়নি সদর উপজেলা পরিষদ হল রুমের আয়োজকরা। পরে সেখানে হামলার ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের অন্যতম সমন্বয়ক মাহাদী হাসান বলেন, সভাস্থলে হামলা ভাঙচুরের প্রতিবাদে তিনি এবং অপর সমন্বয়ক আশরাফুল ইসলাম সুজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন। 

অপরপক্ষের এনামুল হক বলেন, “আমরা সবাইকে নিয়ে সাইফুর রহমান টাউন হলে সভা করতে চেয়েছিলাম। কিন্তু তারা রাজি হয়নি।”

তিনি হামলার সঙ্গে তাদের সম্পৃক্ততা অস্বীকার করেন।