মাদারীপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, জরিমানা, ১০০ লিটার তেল জব্দ
জব্দ করা পেট্রোল ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।
মাদারীপুরের শিবচর উপজেলায় পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে এক দোকান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রায় ১০০ লিটার তেল জব্দ করে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী হাকিম ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান।
অভিযানে উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের নদীরপাড় বাজারে ‘মেজবা স্টোরে’ পেট্রোল মজুদ রেখে অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে দোকান মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া দোকানটিতে থেকে প্রায় ৪০ লিটার পেট্রোল জব্দ করা হয়। এর আগে আরও দুটি দোকান থেকে প্রায় ৬০ লিটার পেট্রোল জব্দ করা হয়। জব্দ করা পেট্রোল পরে ন্যায্যমূল্যে মোটরসাইকেলসহ স্থানীয় পেট্রোলচালিত যানবাহনে সরবরাহ করা হয়।
ইউএনও ইবনে মিজান বলেন, “আমরা প্রায় ১০০ লিটার পেট্রোল উদ্ধার করেছি; যা ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। এ ছাড়া পেট্রোল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে একজনকে জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
সেইসঙ্গে কারও কাছে পেট্রোল মজুদের তথ্য থাকলে তা উপজেলা প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।
