লুটের অস্ত্র নেতাকর্মী হত্যায় ব্যবহৃত হওয়ার শঙ্কা গোপালগঞ্জ আওয়ামী লীগের
জেলা আওয়ামী লীগ সভাপতি জানান, আগামী ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি অন্যান্য বছরের মতোই পালন করা হবে।
দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র আওয়ামী লীগ নেতাকর্মী হত্যার কাজে ব্যবহৃত হওয়ার শঙ্কা জানিয়ে দ্রুত সেগুলো উদ্ধার করার আহ্বান জানিয়েছেন দলটির গোপালগঞ্জ জেলার নেতারা।
দেশের উদ্ভূত পরিস্থিতি ও গোপালগঞ্জে সম্প্রতি সেনা বাহিনীর সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা নিয়ে সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই শঙ্কা জানানো হয়।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খান বলেন, “সারা দেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছে। এগুলো দ্রুত উদ্ধার করতে হবে। এসব অস্ত্র জামায়াত-শিবির ও জঙ্গীরা আওয়ামী লীগ নেতাকর্মী হত্যার কাজে ব্যবহার করতে পারে বলে আমরা আশঙ্কা করছি।”
আমেরিকার সহায়তায় দেশে ‘ছাত্রজনতার নৈরাজ্য’ চালানো হয়েছে দাবি করে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়েছে। গোপালগঞ্জ সদর আসনের সদ্য সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বাসভবনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
তিনি বঙ্গবন্ধু কন্যাকে বিদেশ পাঠিয়ে দেওয়ার তীব্র ক্ষোভ এবং হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানান। একইসঙ্গে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
সংবাদ সম্মেলনে মাহাবুব আলী খান গোপালগঞ্জে সম্প্রতি সেনাবাহিনীর সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। আগামীতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
এছাড়া এ বিষয়ে সেনাবাহিনীর কর্মকর্তাদের কাছে জেলা আওয়ামী লীগের নেতারা আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে এসেছেন বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।
জেলা আওয়ামী লীগ সভাপতি আরও জানান, আগামী ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি অন্যান্য বছরের মতোই পালন করা হবে।
১৫ আগস্ট সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও বেলা ১১টায় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
এছাড়া জেলার মসজিদ, মন্দির ও গীর্জায় ১৫ অগাস্টে শাহাদাতবরণকারীদের জন্য দোয়া-মোনাজাত-প্রার্থনা অনুষ্ঠিত হবে বলে জানান হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আমরা শান্তিপূর্ণ অহিংস আন্দোলন করব।”
এছাড়া শোক দিবসে যারা টুঙ্গিপাড়ার কর্মসূচিতে অংশ নিতে পারবেন না, তাদেরকে তিনি লংমার্চ করে ঢাকা ধানমন্ডির ৩২ নম্বরের কর্মসূচিতে অংশ গ্রহণের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মুন্সী মো. আতিয়ার রহমান, শেখ লুৎফার রহমান বাচ্চু, রাজি উদ্দিন রাজু, প্রচার সম্পাদক এসএম নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আমির হামজা, সহ-সভাপতি শেখ ইমরান উপস্থিত ছিলেন।
