২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে জেল গেইটে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

সৈয়দ আহম্মদ পাটওয়ারী পৌর আওয়ামী লীগের সভাপতি।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2025, 07:42 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

লক্ষ্মীপুরে জামিনে বের হওয়ার পর জেল গেইট থেকে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারীকে বৃহস্পতিবার বিকালে গ্রেপ্তার করা হয়েছে বলে সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান।  

তবে তাকে কী মামলায় পুনরায় গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি।

জেলা কারাগার ও পুলিশ জানায়, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্ছানগর এলাকার বাসা থেকে সৈয়দ আহম্মদকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ২০২৪ সালের ৪ অগাস্ট চার শিক্ষার্থী হত্যা ও পুলিশের ওপর হামলাসহ তিনটি মামলার এজাহারভুক্ত আসামি।

লক্ষ্মীপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল বলেন, উচ্চ আদালত থেকে সৈয়দ আহম্মদ জামিন পেয়েছেন। আজ কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন।

“তিনি আবার গ্রেপ্তার হয়েছেন কি-না তা জানা নেই।”

সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, “শিক্ষার্থী হত্যা মামলায় সৈয়দ আহম্মদ জামিন পেয়েছেন। এ ছাড়া তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। এজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

২০২৪ সালের ৪ অগাস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের ঝুমুর-মাদাম ব্রিজ, তমিজ মার্কেট এলাকায় ছাত্র-জনতার উপর হামলা ও গুলি চালায়। এতে চার শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

এর মধ্যে নিহত শিক্ষার্থী আফনান পাটওয়ারীর মা নাছিমা আক্তার এবং সাব্বির হোসেন রাসেলের বাবা আমির হোসেন ১৪ অগাস্ট সদর মডেল থানায় দুটি মামলা করেন।

এ ছাড়া একই দিন দায়িত্বরত কাজে বাধাসহ পুলিশের ওপর হামলার ঘটনায় সদর মডেল থানার এসআই আনবিক চাকমা বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন।