খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ‘নিখোঁজ’
জিডি করার পর একজন এসআই এ বিষয়ে তদন্ত করছেন বলে জানায় থানা পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ও খুলনা সরকারি হাজী মোহাম্মদ মুহসীন কলেজের শিক্ষার্থী কদরুল হাসান নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার খুলনা নগরের সোনাডাঙ্গার সোনার বাংলা গলির বাসা থেকে বের হয়ে আর ফেরেননি বলে দাবি কদরুলের স্ত্রী সাঈদা খাতুনের।
এ ঘটনায় সাঈদা খাতুন সোনাডাঙ্গা ও খুলনা সদর থানায় দুটি সাধারণ ডায়েরি করেছেন। এ ছাড়া তিনি শনিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
সেখানে সাঈদা বলেন, তার স্বামী পড়াশোনার পাশাপাশি নগরের শেখপাড়া এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ‘পার্ট টাইম’ চাকরি করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে নগরের ময়লাপোতা এলাকায় কাজ করেছেন।
বৃহস্পতিবার বেলা তিনটার দিকে তিনি বাসা থেকে বের হন। সন্ধ্যা সাতটার দিকে তার সঙ্গে মোবাইলে কথা হয়। তখন তিনি জানিয়েছিল, বন্যার্তদের ত্রাণের কাজে ব্যস্ত আছেন। দ্রুত বাসায় ফিরবেন। পরে আর বাসায় ফেরেননি। রাত ১১টার দিকে ফোন দিলেও কল রিসিভ করেননি। এর পর থেকে তার ফোনই বন্ধ।
সাঈদা আরও বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন আমার স্বামী। আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ করেছি। এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।এ অবস্থায় আমরা পরিবারের সবাই উদ্বিগ্ন।”
খুলনা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিমাই চন্দ্র কুণ্ডু বলেন, কদরুল হাসানের সর্বশেষ অবস্থান নগরের ময়লাপোতায় পাওয়া গেছে। সেখান থেকে তিনি কোথায় গেছেন, সেটি জানা সম্ভব হয়নি। তার খোঁজ না পাওয়া পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।
তিনি বলেন, জিডি করার পর একজন এসআই এর তদন্ত করছেন। কদরুল হাসানের খোঁজ পেতে প্রযুক্তির মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা চলছে।
