যশোরে জামায়াত নেতা ও বিএনপি ‘বিদ্রোহী’র মনোনয়নপত্র অবৈধ
দুটি আসনে মোট আটজনকে নির্বাচনে অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে যশোরে জামায়াত নেতা ও বিএনপি ‘বিদ্রোহী’ প্রার্থীসহ আটজনকে নির্বাচনে অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সভা কক্ষে প্রার্থী ও তার প্রতিনিধিদের উপস্থিতিতে যশোর-১ এবং যশোর-২ আসনের যাচাই-বাছাই শুরু হয়।
এতে যশোর-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ এবং যশোর-১ আসনে বিএনপির ‘বিদ্রোহী’ মফিকুল হাসান তৃপ্তি ও আবুল হাসান জহিরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এদিন রিটার্নিং কর্মকর্তা যশোর-১ আসনের তিনজন এবং যশোর-২ আসনে পাঁচজনের মনোয়নপত্র বাতিল করা হয়েছে।
এ ছাড়া যশোর-১ আসনে দুজন প্রার্থীর যাচাই-বাছাই অমীমাংসিত অবস্থায় রাখা হয়েছে।
যশোর-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেন সাতজন এবং যশোর-২ আসনে ১১ জন।
রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, বিএনপির পরিচয়ে মনোনয়নপত্র জমা দেওয়া মফিকুল হাসান তৃপ্তির দলীয় চিঠি না থাকায় অবৈধ ঘোষণা করা হয়।
এ ছাড়া এ আসনে স্বতন্ত্র প্রার্থী আবুল হাসান জহিরের এক শতাংশ সমর্থক ও আয়-ব্যয়ের বিবরণ না থাকায় এবং অপর স্বতন্ত্র প্রার্থী শাজাহান আলী গোলদারের এক শতাংশ সমর্থক তালিকা সঠিক নয় বলে বাতিল করা হয়।
অপরদিকে এই আসনে জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলম চঞ্চল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বখতিয়ার রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই অমীমাংসিত অবস্থায় রাখা হয়েছে।
যশোর-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে ক্রেডিট কার্ডে ঋণ খেলাপি হওয়ায়।
এ ছাড়া দলীয় মনোনয়ন না থাকায় বিএনপির মোহাম্মদ ইসাহক, ঋণ খেলাপি হওয়ায় জাতীয় পার্টির ফিরোজ শাহ, এক শতাংশ সমর্থক তালিকা সঠিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম ও মেহেদী হাসানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শুক্রবার সকালে যশোর-৩ ও যশোর-৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
