নীলফামারীতে শিক্ষার্থীদের বিজয় ও শান্তি মিছিল
একাত্মতা প্রকাশ করেন মিছিলে অংশ নেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইদুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং সর্বস্তরের মানুষ।
নীলফামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়। শহর প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।
এর আগে বেলা ১১টা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হতে শুরু করেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে সেখান থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। প্রায় তিন সহস্রাধিক মানুষের অংশ নেওয়া মিছিলের নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
একাত্মতা প্রকাশ করে মিছিলে অংশ নেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইদুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং সর্বস্তরের মানুষ।
মিছিলে জেলা বিএনপি ও জামায়াতে ইসলামির নেতারা ছাড়াও দল দুটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল থেকে জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সংখ্যালঘু সম্প্রদায়কে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আহ্বান জানানো হয়।
