১৬ বছর ধরে শেকলে বন্দি রতনের জীবন
একমাত্র উপার্জনক্ষম বাবার মৃত্যুর পর ‘অথৈ সাগরে’ পড়ে পরিবারটি; রতনের চিকিৎসা পুরোপুরি বন্ধ হয়ে যায়।
দীর্ঘ ১৬ বছর ধরে শেকলে বন্দি জীবন-যাপন করছেন দুর্ঘটনায় আঘাত পেয়ে মানসিক ভারসাম্য হারানো যুবক রতন বাড়ৈ।
ছয় বছর আগে বাবা হারা হওয়া ২৪ বছর বয়সি রতন ও তার পরিবারটি বর্তমানে মানবেতর জীবন-যাপন করছে।
রতন বাড়ৈ উপজেলার রত্মপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের প্রয়াত চিত্তরঞ্জন বাড়ৈর ছেলে।
রতনের তিন বোনের মধ্যে বড় দুই বোনের বিয়ে হয়েছে। ছোট বোনটি দশম শ্রেণির শিক্ষার্থী।
ফেরি করে আইসক্রিম বিক্রি করা বাবা চিত্তরঞ্জন বাড়ৈ সংসারের ব্যয়ভার বহন করতে হিমশিম খাচ্ছিলেন। অর্থের অভাবে ছেলের ঠিকমত চিকিৎসা হয়নি।
এরই মধ্যে একমাত্র উপার্জনক্ষম চিত্তরঞ্জনের মৃত্যুর পর অথৈ সাগরে পড়ে পরিবারটি। রতনের চিকিৎসা পুরোপুরি বন্ধ হয়ে যায়।
রতনের দুই বোনজামাইয়ের আর্থিক সহযোগিতার ওপর নির্ভরশীল হয়ে পড়ে পুরো সংসার।
জরায়ুর অস্ত্রোপচার হওয়ায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন রতনের মা মনিকা বাড়ৈ।
রতনের মেজো বোন সীমা বাড়ৈ বলেন, “ছোট বেলায় আমার ভাই সুস্থই ছিল। আট বছর বয়সে খেলতে গিয়ে গাছের শেকড়ে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হয়। চিকিৎসা করলে একটু সুস্থও হয়। পরে আস্তে আস্তে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।”
স্থানীয়রা জানিয়েছেন, নিয়মিত চিকিৎসাসেবা না পেয়ে দিনে দিনে রতনের পাগলামি বেড়ে যায়। সে বাড়িঘর ভাঙচুর, আসবাবপত্র তছনছ, মানুষ দেখলেই তাদের ওপর হামলা করে, কামড় দেয়।
এ কারণে মা-বোনেরা ঘরের পেছনে একটি টিনের চালায় দীর্ঘ ১৬ বছর ধরে রতনের কোমড়ে শেকল বেঁধে তালা দিয়ে রেখেছেন।
মাঝে মাঝে রতন নিজের হাতে খেলেও পাগলামির কারণে খাবার ছুড়ে ফেলে দেয়।
এলাকার লোকজন মাঝে-মধ্যে রতনকে দেখতে এলেও ভয়ে কাছে যান না।
এ অবস্থায় রতনের চিকিৎসার ব্যবস্থার করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তার বোন সীমা বাড়ৈ।
প্রতিবেশি কমল বাড়ৈ বলেন, “আর্থিক সংকটের কারণে রতনের সঠিক চিকিৎসা হচ্ছে না। অন্যদিকে, তাদের পরিবারের ব্যয় বহন করার মত কেউ নেই। তাই সরকার ও ধনী ব্যক্তিদের সহযোগিতার প্রয়োজন।”
এ বিষয়ে উপজেলার ইউএনও ফারিহা তানজিন বলেন, জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে রতন বাড়ৈয়ের চিকিৎসার ব্যবস্থা করা হবে। এছাড়া চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন হলে তাও দেওয়া হবে।”
