চীন থেকে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার গোপালগঞ্জের সাবেক চেয়ারম্যান
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির এক নেতাকে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় এক নেতাকে হত্যা মামলায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে চীন থেকে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানান গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান।
শুক্রবার দুপুরে তাকে গোপালগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে তোলা হলে বিচারক আবির হোসেন জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান তিনি।
কারাগারে যাওয়া কামরুজ্জামান ভূঁইয়া লুটুল গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয় বলে জানান ওসি সাজেদুর রহমান।
লুটুলের ভাই রুবেল ভূঁইয়া বলেন, ৩০ এপ্রিল ব্যবসায়িক কাজে তিনি চীনে যান। কাজ শেষে দুই মাস পরে রাতে দেশে ফেরেন তিনি। এ সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। সকালে গোপালগঞ্জ সদর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।
