মাদারীপুরে আগুনে পুড়েছে ১২ দোকান, ‘কোটি টাকার’ ক্ষয়ক্ষতি
খাবার হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা পুলিশের।
মাদারীপুরের রাজৈর উপজেলায় ১১টি দোকান ও একটি গোডাউন আগুনে পুড়ে গেছে।
এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
উপজেলার বন্দরের কাঠেরপুল এলাকায় শনিবার রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে রাজৈর ফায়ার স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান জানান।
মেহেদী বলেন, “আগুন লাগার খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের সাহায়তায় প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
“কিন্তু ততক্ষণে ১১টি দোকান ও একটি পাটের গুদাম পুড়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন।”
রাজৈর থানার ওসি মো. মাসুদ খান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মকবুল মিনার নামের একটি খাবার হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”
ক্ষয়ক্ষতির পরিমাণ কত জানতে চাইলে তিনি বলেন, “অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। তবে এটা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।”
