নাটোরে পদ্মায় গোসলে নেমে ২ শিশুর মৃত্যু, নিখোঁজ ১
ওসি বলেন, দুপুরে চার শিশু এক সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে।
নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে তিন শিশু নিখোঁজ হবার পর দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ অপর শিশু।
বুধবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় শিশু নিখোঁজের ঘটনা ঘটে বলে জানান লালপুর থানার ওসি মো. নাছিম আহমদে।
নিখোঁজ শিশুরা হলো- উপজেলার মহেশপুর সরকারপাড়া গ্রামের কালাম সর্দারের ছেলে দিপু (১২) ও অপু (১০) এবং স্বপনের ছেলে জয় (১০)।
পরে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ডুবুরিরা অভিযান চালিয়ে দিপু ও জয়ের মরদেহ উদ্ধার করে।
ওসি নাছিম বলেন, দুপুরে চার শিশু এক সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে। এদের মধ্যে খালিদ নামে এক শিশু উঠে আসতে পেরেছে, বাকি তিন শিশু নদীতে তলিয়ে যায়।
পরে শিশুর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় যৌথ উদ্ধার অভিযান শুরু করে।
দুজনের মরদেহ উদ্ধার হলেও এখনো নিখোঁজ অপুকে খুঁজে পেতে ডুবুরিরা অভিযান চালাচ্ছেন বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
