২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নিষ্ক্রিয় করা হয়েছে ফরিদপুরে উদ্ধার হওয়া বোমা

শনিবার সকালে ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র আলীমুজ্জামান ব্রিজের দক্ষিণ অংশে একটি ব্যাগের মধ্যে রাখা বোমাটি উদ্ধার করে যৌথ বাহিনী।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2026, 01:57 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

ফরিদপুরে শহরের সেতুর উপর থেকে উদ্ধার হওয়া একটি বোমা ২৪ ঘণ্টা পর নিষ্ক্রিয় করা হয়েছে। 

রোববার সকাল ১০টার দিকে ঢাকা থেকে আসা অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর সদস্যরা বোমাটি নিষ্ক্রিয় করে বলে জানান ফরিদপুর কোতোয়ালি থানার ওসি শহীদুল ইসলাম। 

গোয়ালচামট বিসর্জন ঘাটে কুমার নদের পাড়ে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে বোমাটির বিষ্ফোরণ ঘটানো হয়। 

এটি রিমোট নিয়ন্ত্রিত শক্তিশালী আইইডি ছিল বলে জানিয়েছে এটিইউ এর সদস্য ও পুলিশ পরিদর্শক শংকর কুমার ঘোষ।

এর আগে শনিবার সকালে ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র আলীমুজ্জামান ব্রিজের দক্ষিণ অংশে একটি ব্যাগের মধ্যে রাখা বোমাটি উদ্ধার করে যৌথ বাহিনী। উদ্ধারের পর বোমাটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। 

ওসি শহীদুল ইসলাম জানান, এ ঘটনার পর থেকে শহরে নজরদারি বাড়ানো হয়েছে। কারা বোমাটি রেখেছিল সে বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।