টানা বর্ষণে বেনাপোল কাস্টমসে জলাবদ্ধতা, বন্দরে পণ্য ওঠানামা ব্যাহত
কাস্টম হাউসের আশপাশে পানি জমে স্থবির হয়ে পড়েছে বন্দরের স্বাভাবিক কার্যক্রম।
কয়েক দিনের টানা ভারি বৃষ্টিতে যশোরের বেনাপোল বন্দরের পর এবার কাস্টমস হাউস এলাকা জলাবদ্ধতার কবলে পড়েছে। কাস্টম হাউসের আশপাশে পানি জমে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক কার্যক্রম।
বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের মালিক, কর্মচারী ও কর্মকর্তাদের হাঁটু পানি মাড়িয়ে কাস্টম হাউসে প্রবেশ করতে দেখা গেছে। যদিও বিভিন্ন প্রক্রিয়ায় পানি যতটুকু নিষ্কাশন করা হচ্ছে, আবার বৃষ্টিতে পানি জমে যাচ্ছে।
এমন পরিস্থিতিতে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে পণ্য ওঠানামা ও খালাস প্রক্রিয়া মারাত্মক ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বেনাপোল সি অ্যান্ড এফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।
বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছে, বন্দর এলাকায় জমে থাকা বৃষ্টির পানি বর্তমানে একটি মাত্র সাবমারসিবল মোটরের মাধ্যমে পানি নিষ্কাশনের চেষ্টা করা হচ্ছে। তবে ড্রেনেজ ব্যবস্থা নাজুক হওয়ায় পর্যাপ্ত পানি বের করা সম্ভব হচ্ছে না।
সাজেদুর রহমান বলেন, কাস্টম হাউসের সামনে, মসজিদ সংলগ্ন এলাকা ও খেলার মাঠ এখন পানির নিচে। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে। নতুবা বন্দরের স্বাভাবিক কাজকর্ম মারাত্মক ব্যাহত হবে।
বেনাপোল কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, পানি নিষ্কাশনের জন্য চেষ্টা করা হচ্ছে। তবে একটি মাত্র মোটর দিয়ে পুরো কাস্টম হাউস এলাকার পানি বের করা সম্ভব নয়। দ্রুত সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বুধবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টিতে বন্দরের পণ্য খালাস কার্যক্রম ধীরগতিতে চলছে। বেনাপোল স্থলবন্দর ও আশপাশের এলাকায় সৃষ্ট জলাবদ্ধতার কারণে কোটি কোটি টাকার আমদানি-রপ্তানি পণ্য খোলা আকাশের নিচে ভিজে যাচ্ছে। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।
মালামাল ভিজে যাওয়ার কারণে অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও আমদানি করা পণ্য খালাস করছেন না। ভারত থেকে আসা ট্রাক থেকে তেমন পণ্য বন্দরের অভ্যন্তরে খালাস করা হয়নি। বিশেষ জরুরি পণ্যগুলো ট্রাকের ওপর ত্রিপল টাঙিয়ে লোড করতে দেখা গেছে।
স্থানীয় ব্যবসায়ী এবং সি অ্যান্ড এফ এজেন্টরা দ্রুত পানি নিষ্কাশনের জন্য টেকসই ব্যবস্থা গ্রহণে কাস্টম হাউস কর্তৃপক্ষ ও বন্দর সংশ্লিষ্ট দফতরের প্রতি আহ্বান জানিয়েছেন।
বন্দর এলাকার জলাবদ্ধতা নিয়ে শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বেনাপোল পৌর প্রশাসক কাজি নাজিব হাসান তার ফেইসবুক পেইজে স্ট্যাটাস দিয়েছেন।
নাজিব হাসান লিখেছেন, “কয়েকদিনের টানা বৃষ্টিতে বেনাপোল স্থলবন্দর ও কাস্টমসসহ শার্শা উপজেলার বিভিন্ন স্থানে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই সাময়িক সমস্যা সমাধানে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা চেষ্টা করে যাচ্ছে।
“বিশেষত বেনাপোল স্থলবন্দর ও কাস্টমস এলাকায় জলাবদ্ধতা নিরসনে গঠিত কমিটি জায়গাগুলো সরেজমিনে পরিদর্শন করেছে ও তাদের প্রতিনিধিদের নিয়ে সভা করে দ্রুত কিছু ব্যবস্থা নিচ্ছে এবং দীর্ঘ মেয়াদি সমস্যা সমাধানে সুপারিশ করেছে।”
মূলত স্থলবন্দর ও কাস্টমস এলাকার চারপাশের রাস্তা ও ড্রেন থেকে অনেক নিচু, সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে এই গুরুত্বপূর্ণ এলাকা দুটি রাস্তা থেকে উঁচু করার ব্যবস্থা নিতে হবে, তাহলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে বলে মন্তব্য করেছেন ইউএনও।
এ ছাড়া অপরিকল্পিতভাবে পুকুর বা জলাভূমি ভরাটের কারণেও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে মনে করেন এই পৌর প্রশাসক।
