২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কে পাশে ময়লার ভাগার, দুর্গন্ধে অতিষ্ট মানুষ

ময়লা-আবর্জনার পচ দুর্গন্ধ ছড়াচ্ছে আশপাশের পুরো এলাকায়।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2024, 12:56 AM

Updated : 26 Aug 2026, 10:37 AM

বরিশাল-কুয়াকাটা সড়কের পটুয়াখালী কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশেই নিয়মিত ময়লা-আবর্জনা ফেলে স্তুপ করা হচ্ছে। 

ময়লার ভাগার থেকে ছড়ানো দুর্গন্ধে অতিষ্ট পথচারীসহ এলাকাবাসী।

রাতের আঁধারে পৌরসভার গাড়িতে করে এসব ময়লা-আবর্জনা ফেলে হয় বলে অভিযোগ এলাকাবাসীর। 

তারা এর প্রতিবাদ করলেও কোনো প্রতিকার মেলেনি।  

শহরের প্রাণকেন্দ্র বাস টার্মিনালের ৪০০ মিটার দূরত্বে পটুয়াখালী-কুয়াকাটা সড়কের পাশেই ছড়িয়ে ছিটিয়ে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। 

পাশেই রয়েছে আবাসিক এলাকা, মসজিদ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, পল্লী বিদ্যুতের অফিসসহ একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান। একটু সামনেই বাধঘাট বাজার। রয়েছে শত শত বসতবাড়িও। 

ময়লা-আবর্জনার পচা দুর্গন্ধ ছড়াচ্ছে আশপাশের পুরো এলাকায়।   

পটুয়াখালী পৌরসভার প্রশাসক ও ডিসি কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মো. জুয়েল রানা বলেন, মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলানোর বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন তিনি। 

তিনি বলেন, “আমাদের ডাম্পিং স্টেশন আছে। বৃষ্টি এলে একটু অসুবিধা আছে।”

নিয়মিত ময়লা-আবর্জনা ফেলায় চলাচলরত যাত্রী সাধারণ, কুয়াকাটাগামী পর্যটকসহ এসব এলাকার মানুষ, শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া কোমলমতি শিক্ষার্থীরা দুর্গন্ধে অতিষ্ট। 

আশপাশের বসতবাড়ির মানুষের অসহনীয় দুর্ভোগে নাভিশ্বাস উঠেছে। 

ময়লা আর দুর্গন্ধে মশা-মাছির উপদ্রব বাড়ছে পুরো এলাকায়।

এলাকাবাসীর অভিযোগ, প্রতিবাদ করেও কোনো প্রতিকার মেলেনি। বাধ্য হয়ে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই বসবাস করতে হচ্ছে তাদের। 

ময়লা ফেলার স্থানের উল্টো পাশে ব্যবসায়ী মো. জিয়া বলেন, “বেশ কিছু ধরে এখানে পৌরসভার গাড়িতে রাতের আঁধারে ময়লা-আবর্জনা ফেলে স্তুপ করছে। পচা দুর্গন্ধে দোকান করা যায় না। ক্রেতা আসতে চায় না। পাহারা দিয়ে একদিন ময়লা ফেলার গাড়ির ড্রাইভারকে ধরেছি। সে বলে, স্যারে ফেলতে বলেছে। পারলে স্যারের কাছে যান।” 

স্থানীয় ব্যবসায়ী মো. আনসার উদ্দিন বলেন, “ময়লা-আবর্জনা ফেলে যাচ্ছে। নিষেধ করলেও শোনে না। কী আর করার। এর মধ্যেই ব্যবসা করতে হবে।” 

বাস থামিয়ে পাম্প থেকে তেল নেওয়ার সময় কথা হয় নড়াইল থেকে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক মাইনুল ইসলামের সঙ্গে।

তিনি বলেন, “এভাবে কেউ মহাসড়কের পাশে উন্মুক্তস্থানে ময়লা-আবর্জনা ফেলে? চলতি পথেই তো দুর্গন্ধ আসে। এগুলো বন্ধ করার কি কেউ নেই? আমি হয়তো একদিন আসলাম, কিন্তু এখানের মানুষজন কীভাবে বসবাস করছে?”

রূপালী ফিলিং স্টেশনের কর্মী মো. শাকিল বলেন, “পাম্পের পাশেই ময়লা ফেলা হচ্ছে। গন্ধে থাকা যায় না। পরিবহন থামিয়ে তেল নেওয়ার সময় যাত্রীরা গন্ধে ছটফট করেন। আর চালক বলেন, তাড়াতাড়ি তেল দাও। তোমাদের পাম্প থেকে আর তেল নেওয়া যাবে না।”

কালিকাপুর সালেহিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী মোসা. মারিয়া ইসলাম দোলা। 

সে বলে, মাদ্রাসায় আসার সময় দূর থেকেই নাক চাপতে হয়। প্রায় অর্ধ কিলোমিটার পর্যন্ত নাক চেপে রাখতে হয়। এতোই গন্ধ। 

“আমার বাসা উকিল বাড়ি, বাতাসে গন্ধ সেখান পর্যন্তও আসে।”

মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র মো. নেছার উদ্দিন বলে, “আমার বাসা ময়লা ফেলার কাছেই। একেতো বাসায় দুর্গন্ধ সারা দিন। আমরা দুই ভাই-বোন এখানে পড়াশোনা করছি। এখানেও নাক চেপে আসাতে হয়। বাড়িতেও গন্ধ। এলাকাবাসী অতিষ্ট। কিন্তু কোনো প্রতিকার নাই।” 

মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আব্দুর রাজ্জাক ও সহকারী মৌলভী আব্দুর জব্বার জানান, মাদ্রাসায় আসা-যাওয়ার সময় প্রকট দুর্গন্ধ নাকে লাগে। নাক চেপে চলতে হয়।  

তাদের ভাষ্য, পৌর কর্তৃপক্ষের এ বিষয়ে নজর দেওয়া উচিত। নির্দিষ্টস্থানে ময়লা-আবর্জনা ফেলা উচিত। ময়লার কারণে এলাকায় মশা-মাছির উপদ্রব দেখা দিয়েছে বলেও দাবি শিক্ষকদের।

কালিকাপুর সালেহিয়া দাখিল মাদ্রার সহ-সুপার মাওলানা নজরুল ইসলাম বলেন, “মহাসড়কের পাশে উন্মুক্ত স্থানে ময়লা-আবর্জনা ফেলায় দুর্গন্ধে শিশুদের মাদ্রাসায় আসতে অনেক ভোগান্তি হয়। এভাবে ময়লা ফেলতে থাকলে শিশুদের স্বাস্থ্যঝুঁকি রয়েছে। এর প্রতিকার হওয়া উচিত। আমরা এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব। যাতে তারা নির্দিষ্ট স্থানে এগুলো রাখে।”