১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোয়েন্দা সংস্থার পরিচয়ে ভোটকেন্দ্রে ঘোরাঘুরি, কিশোর আটক

ওই কিশোরের কাছ থেকে একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা হিসেবে পরিচয় দেওয়া আইডি কার্ড জব্দ করেছে কক্সবাজারের পুলিশ।

গোয়েন্দা সংস্থার পরিচয়ে ভোটকেন্দ্রে ঘোরাঘুরি, কিশোর আটক
প্রতীকী ছবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 05:21 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

কক্সবাজারের মহেশখালী উপজেলায় ভোট চলাকালে কেন্দ্রে সন্দেহজনক ঘোরাঘুরির সময় এক কিশোরকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা হিসেবে পরিচয় দেওয়া আইডি কার্ড জব্দ করেছে পুলিশ। 

বুধবার দুপুর আড়াইটায় উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মাইজপাড়া ফোরকানিয়া মাদরাসা কেন্দ্র থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম।

আটক ১৭ বছর বয়সী ওই কিশোর মাতারবাড়ী ইউনিয়নের বাসিন্দা। সে স্থানীয় মজিদিয়া দাখিল মাদরাসার ছাত্র ছিল।

রফিকুল ইসলাম বলেন, দুপুরে ৮ নম্বর ভোটকেন্দ্রে একজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে গোয়েন্দা সংস্থার সদস্যরা প্রিসাইডিং কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবহিত করেন। পরে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটক করে।

এ সময় তার কাছে একটি গোয়েন্দা সংস্থার পরিচয়পত্র পাওয়া যায় বলে জানান তিনি।আটক কিশোরের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।