২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বাড়লেও দেশে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

“যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে কিছুটা সংকট দেখা দিতে পারে।”

বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বাড়লেও দেশে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
সিলেটের রায়নগরে শ্রমজীবী পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2026, 09:23 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলেও দেশে এর কোনো প্রভাব না পড়ার কথা বলেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

তিনি বলেন, “যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পেলেও আমাদের দেশে আসন্ন ঈদ যাত্রায় এর কোনও প্রভাব পড়বে না। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ারও কোনো সম্ভাবনা নেই। 

“তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে কিছুটা সংকট দেখা দিতে পারে। আমরা শান্তির পক্ষে, আশা করি অচিরেই যুদ্ধ বন্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে।”

শনিবার বেলা ২টার দিকে সিলেট নগরের রায়নগর দপ্তরীপাড়া মসজিদ মাঠের সামনে ১৯ নম্বর ওয়ার্ডের শ্রমজীবী পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব বলেন তিনি।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে সরকারের পদক্ষেপ নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মুক্তাদির বলেন, “এ সরকার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত। জনগণের নিরাপত্তা ও জীবনযাত্রা স্বাভাবিক রাখতে যা যা করণীয়, সে বিষয়ে সরকার সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।”

নির্বাচনের আগে জনগণকে দেওয়া বিএনপির সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “সিলেট শহরের বিভিন্ন সমস্যা ধাপে ধাপে সমাধান করা হবে। আপনারা আমাকে ভোট দিয়ে যে দায়িত্ব দিয়েছেন, তা শতভাগ পালনের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

এ সময় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং আয়োজক শফিকুর রহমান সুমন উপস্থিত ছিলেন।

পরে বাণিজ্যমন্ত্রী সিলেট মহানগর পুলিশ ও সিলেট জেলা প্রেস ক্লাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।