পঞ্চগড়ে মাসব্যাপী ‘আলোয়া খোয়া রাশ মেলা’ শুরু
প্রয়াত রাজনীতিবিদ ও সাবেক আইনমন্ত্রী মির্জা গোলাম হাফিজ ১৯৯৩ সালে প্রথম এ মেলার আয়োজন করেন।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাসব্যাপী ঐতিহ্যবাহী আলোয়া খোয়া রাশ মেলা শুরু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় আটোয়ারী উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন পঞ্চগড়ের ডিসি মো. সাবেত আলী।
অনুষ্ঠানে ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।
স্বাগত বক্তব্য দেন মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল।
অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন মির্জাপুর ইউপির চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান মির্জা নরুল ইসলাম হেলাল, জেলা বিএনপির নেতা আদম সুফি, উপজেলা বিএনপির আহ্বায়ক এজেড এম বজনুর রহমান জাহেদ, উপজেলা বিএনপির নেতা আব্দুল্লাহ বাকি, মতিয়ার রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাজী ফজলে বারী সুজা।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছিলেন।
উদ্বোধনের আগে সনাতন ধর্মীদের উলুধ্বনি ও পূজা-পার্বণের মাধ্যমে রাশ মেলার কার্যক্রম শুরু হয়।
আটোয়ারী উপজেলার প্রয়াত রাজনীতিবিদ ও সাবেক আইনমন্ত্রী মির্জা গোলাম হাফিজ ১৯৯৩ সালে প্রথম আলোয়া খোয়া রাশ মেলার আয়োজন করেন।
তখন থেকে নিয়মিতভাবে এই মেলা হয়ে আসছে বলে জানান মেলা উদযাপন কমিটি।
