আওয়ামী লীগ নেতা আশুতোষ চাকমা ৩ দিনের রিমান্ডে
“আশুতোষের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অন্তত ১৯টি মামলা রয়েছে।”
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশুতোষ চাকমাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।
রোববার দুপুরে খাগড়াছড়ি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজ উদ্দিন তার রিমান্ডের আবেদন মঞ্জুর করেন বলে জেলা সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান।
এর আগে শনিবার রাতে জেলা শহরের মধুপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে আশুতোষকে গ্রেপ্তার করে খাগড়াছড়ি থানা পুলিশ।
ওসি আব্দুল বাতেন বলেন, “আশুতোষ চাকমার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অন্তত ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করে। বিচারক শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।”
আশুতোষ চাকমা খাগড়াছড়ি জেলা আইনজীবীদের সংগঠন বার অ্যসোসিয়েশনের সভাপতির দায়িত্বেও রয়েছেন।
