Published : 08 Sep 2026, 03:53 PM
শেরপুরের নকলা থেকে কিশোরীকে অপহরণের মামলার আসামি এক যুবককে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার রাত পৌনে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানির কমান্ডার মেজর লাবিদ আহমেদ।
গ্রেপ্তার মো. মনির মিয়া (২৪) শেরপুরের নকলা থানার মাদ্রাসাছাত্রী (১৫) অপহরণ মামলার প্রধান অভিযুক্ত।
মঙ্গলবার দুপুরে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়, ওই মাদ্রাসাছাত্রীকে মনির মিয়া বিভিন্নভাবে উত্যক্ত করতেন। ২৮ জুলাই দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মনির মিয়া তার সহযোগীদের নিয়ে কিশোরীকে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল শেরপুরে পিটিশন মামলা করেন। পরে আদালতের আদেশে নকলা থানায় মামলা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানান হয়, মামলার পর থেকেই র্যাব ছায়া তদন্ত শুরু করে আসামিদের গ্রেপ্তার করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে র্যাব জামালপুর ক্যাম্পের আভিযানিক দল র্যাব চাপাইনবাবগঞ্জের সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ সদরের মহানন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে মনির মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।
মাদ্রাসাছাত্রীর পরিবারের সূত্রে জানা গেছে, এরই মধ্যে কৌশলে অপহরণকারীদের থেকে পালিয়ে বাড়ি ফিরেছেন ভুক্তভোগী কিশোরী।
মেজর লাবিদ আহমেদ বলেন, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে র্যাবের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।