Published : 23 May 2026, 06:33 PM
কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা ঝালকাঠির লবণ মিলের শ্রমিকরা। তবে দিনভর কঠোর পরিশ্রম করেও ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না বলে অভিযোগ তাদের।
শ্রমিকদের দাবি, ঈদকে কেন্দ্র করে বাজারে লবণের চাহিদা ও উৎপাদন বাড়লেও তাদের আয় বাড়েনি। এতে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
ঝালকাঠি চেম্বার অব কমার্সের পরিচালক জয়ন্ত কুমার সাহা বলেন, “কোরবানির ঈদকে সামনে রেখে লবণের চাহিদা বেড়েছে, দামও ভালো রয়েছে। শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়েও আলোচনা চলছে।”
লবণ শ্রমিক পারভীন বলেন, “সংসারের খরচ অনেক বেড়ে গেছে। যে টাকা পাই, তা দিয়ে ঠিকমতো চলা যায় না।”

আরেক শ্রমিক শহিদ বলেন, “১৫ বছর ধরে লবণ উৎপাদনের কাজ করছি। সময়ের সঙ্গে সবকিছুর পরিবর্তন হলেও আমাদের অবস্থার উন্নতি হয়নি।”
তিনি বলেন, “সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে ৪০০ থেকে ৫০০ টাকা আয় হয়। এই টাকা দিয়ে সংসার চালানো কঠিন। সরকার সবকিছুর দিকে খেয়াল রাখলেও আমাদের দিকে তেমন নজর নেই।”
শ্রমিকদের অভিযোগ, ঈদ উপলক্ষে উৎপাদন বাড়লেও তার সুফল তারা পাচ্ছেন না। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেও সেই অনুপাতে মজুরি মিলছে না।
ঝালকাঠি বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক আল আমীন বলেন, কোরবানির ঈদে পশুর কাঁচা চামড়া সংরক্ষণের জন্য দেশে অতিরিক্ত লবণের চাহিদা তৈরি হয়। জেলায় বর্তমানে আটটি লবণ কারখানা রয়েছে।

তিনি বলেন, “পুরোনো যন্ত্রপাতি ও দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে উদ্যোক্তারা নানা সমস্যার মুখে পড়ছেন। শিল্পের উন্নয়নে আর্থিক সহায়তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করা হচ্ছে।”
লবণ শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি।
প্রতিনিধি/এএফ/সিএস