নাটোরে বাসকে পেছন থেকে ট্রাকের ধাক্কা, ২ যাত্রীর মৃত্যু
ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী একটি বাসকে পেছনে থেকে মাছবাহী ট্রাক ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী একটি বাসকে পেছনে থেকে ট্রাকের ধাক্কায় দুই যাত্রীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার রেজুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন।
নিহতরা হলেন- রাজশাহী পুঠিয়া এলাকার পরিতোষ কুমার দত্তের ছেলে উৎসব দত্ত (২৪) এবং ইবনে সিনা ফার্মাসিটিক্যালস কোম্পানির রাজশাহীর জোনের কর্মচারী মো. শফিকুল ইসলাম (৩০)। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ওসি ইসমাইল হোসেন বলেন, ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস বনপাড়া-হাটিকুমরুল সড়কে রেজুর মোড় ঘোরার সময় পেছনে থেকে ঢাকাগামী একটি মাছবাহী ট্রাক ধাক্কা দেয়।
এ সময় বাসের পেছনের অংশ ভেঙে ঘটনাস্থলে শফিকুল ইসলাম ও উৎসব মারা যান। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করায়।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের উদ্ধার করে থানা হেফাজতে নেয়। নিহত শফিকুলের পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে। তবে খবর পেয়ে উৎসব দত্তের স্বজনরা লাশ নিতে এসেছেন।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।
