২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য কাশেমের মৃত্যু: গাজীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

“আমারা গাজীপুরবাসী ঐক্যবদ্ধ হয়েছি। অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে আওয়ামী লীগকে নির্মূল করা হোক।”

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2025, 11:38 AM

Updated : 10 Sep 2026, 12:33 PM

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ঠেকাতে গিয়ে আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মো. কাশেমের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

বুধবার রাত সোয়া ৯টার দিকে শহরের শিববাড়ি মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত এ মিছিল হয়। মিছিল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানানো হয়। এ সময় শিক্ষার্থীরা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের নেতারা বলেন, কাশেমের মৃত্যুতে কেন্দ্রীয়ভাবেও কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আর গাজীপুর শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. নাভিল আহামেদ বলেন, “যারা শিক্ষার্থীদের হত্যা করে তাদের বাংলাদেশে কোনো ঠাঁই নাই। এই পবিত্র মাটিতে তাদের কোনো জায়গা দেওয়া হবে না। আমারা গাজীপুরবাসী ঐক্যবদ্ধ হয়েছি, সামনে এগিয়ে যাবো। অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে আওয়ামী লীগকে নির্মূল করা হোক।”

১৭ বছর বয়সী আবুল কাশেম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে মারা যান। কাশেমের বাড়ি গাজীপুর বোর্ডবাজার এলাকায়, তার বাবা মৃত জামাল হাজী।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় পতিত আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পৈত্রিক বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই সময় অন্তত ১৭ জন শিক্ষার্থী গুরুতর আহত হন। আহতদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে আবুল কাশেমও ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আব্দুল আহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার মাথায় কোপানো হয়েছিল। গত শুক্রবার রাতে আমরা আর অস্ত্রোপচার করি। এরপর তাকে পোস্ট অপারেটিভ থেকে আইসিইউতে নেওয়া হয়।

“কিন্তু সেখানে তার সেপ্টিসেমিয়া ডেভেলপ করে। জ্বর কমে না, প্রেসার কমে যাচ্ছিল। আজ সাড়ে তিনটার দিকে সে মারা যায়।”

মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পরদিন ৮ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. আব্দুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি আমজাদ হোসেন মোল্লা নামের আওয়ামী লীগের এক কর্মী।

এ মামলায় সোমবার রাত পর্যন্ত ১৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মেহেদী হাসান জানান।

গাজীপুরে হামলায় আহত বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য কাশেম মারা গেছেন