বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৮৬
গত ১১ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানিয়েছেন।
তিনি বলেন, “মারা দেড় বছর বয়সী শিশু আয়েশা বরিশাল নগরীর কাশিপুর এলাকার বাসিন্দা মো. সোহেলের মেয়ে। হামের উপসর্গ নিয়ে গত ১১ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
“এ নিয়ে হামের উপসর্গ নিয়ে বরিশাল বিভাগে ১৫ শিশুর মৃত্যু হল। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সন্দেহজনক হাম নিয়ে ৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। মারা যাওয়া রোগীর মধ্যে তিন জনের হাম শনাক্ত হয়েছে।”
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যা অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে হাম উপসর্গে আক্রান্ত ১২৯ জন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৮৬ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৫৪২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৩৩১ জনের ক্ষেত্রে হাম উপসর্গ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ৭৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এদিকে চিকিৎসা শেষে এখন পর্যন্ত ১ হাজার ৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
